রাজধানীর মিরপুরে একটি কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড-মন্দির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখানে টিসিবির পণ্য বিক্রি চলছিল।
নিহতদের মধ্যে একজন হলেন নাছিমা বেগম। তিনি মিরপুরের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। এ ছাড়া প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের সীমানা প্রাচীরের পাশে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নারী ও পুরুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নাছিমা বেগমকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক পুরুষের মৃত্যু হয়। সেখানে আরও একজন নারী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, দেয়াল ধসে ফুটপাতে পড়ে সাত থেকে আটজন মানুষ চাপা পড়েছিলেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর এক নারীসহ দুইজনের মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতরা টিসিবির পণ্য নিতে এসেছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় সড়কের পাশে টিসিবির পণ্য বিক্রি হচ্ছিল এবং সেখানে মানুষের ভিড় ছিল। পাশাপাশি ফুটপাত দিয়েও লোকজন চলাচল করছিল। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।