রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি কলেজের সীমানা প্রাচীর ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে লাভ রোড–মন্দির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ জনতা হাউজিং এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য বহু মানুষ লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীর ভেঙে তাদের ওপর পড়ে। এতে কয়েকজন চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় নাছিমা বেগমকে উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান। তাঁর মুখে গুরুতর আঘাত লাগে এবং একটি পা ভেঙে যায় বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কয়েকজন আহত হয়েছেন।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের জোনাল পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।