চট্টগ্রাম মহানগরীতে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। এর মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। রবিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠসংলগ্ন এলাকা থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পরোয়ানাভুক্ত আসামি আসিফকে ধরতে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসিফ ও তার সহযোগী পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আরিফের প্যান্টের পকেট থেকে আরো দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বহনের বৈধ কোনো লাইসেন্স বা কাগজপত্র তারা দেখাতে পারেননি।
তিনি আরো বলেন, এই দুজন নিজেদের চট্টগ্রামের আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানিয়েছেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।