দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারি খাদ্য গুদামে (এলএসডি) চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ নিয়ে ভোরের ডাক অনলাইন-এ প্রকাশিত সংবাদের পর তদন্তে নেমেছে জেলা খাদ্য বিভাগ। অভিযোগের সত্যতা যাচাইয়ে সোমবার (২৭ জুলাই) তিন সদস্যের একটি তদন্ত দল সরেজমিনে খাদ্য গুদাম পরিদর্শন করেছে।
জানা গেছে, দিনাজপুর জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মজাহের হাসানের নেতৃত্বে গঠিত তদন্ত দল দুপুরে হিলি সরকারি খাদ্য গুদামে গিয়ে ধান সংগ্রহ কার্যক্রম, কৃষকদের তালিকা, প্রয়োজনীয় নথিপত্র এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখে। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্যও সংগ্রহ করা হয়।
পরিদর্শন শেষে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মজাহের হাসান সাংবাদিকদের বলেন, ভোরের ডাক অনলাইন-এ প্রকাশিত ‘হিলি সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে সিন্ডিকেটের থাবা’ শীর্ষক সংবাদের ভিত্তিতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তদন্ত কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অনিয়ম উদঘাটিত হবে এবং ভবিষ্যতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রকৃত কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত হবে।