চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সংকটে থাকা দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ১৭০ জন ব্যক্তির মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে ছিলেন দুঃস্থ, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি, জটিল রোগে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসাসহায়তা এবং দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা পাওয়া উপকারভোগীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের অসুস্থ, অসহায় ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, এসব জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবং তাদের কষ্ট লাঘবে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।