চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এ অবকাঠামোসহ মোট বিনিয়োগ ১ বিলিয়ন ডলারের বেশি হবে এবং এখানে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রাম অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় সিইআইজেডের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রকল্পটিতে প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা থাকলেও অবকাঠামোসহ সামগ্রিক বিনিয়োগ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে শিল্প, সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং সেবা খাতের ব্যাপক সম্প্রসারণ ঘটবে। তিনি জানান, সরকার ঘোষিত এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে এই শিল্পাঞ্চল একাই এক লাখের বেশি মানুষের চাকরির সুযোগ তৈরি করবে।
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নিয়ন্ত্রণমুক্তকরণ (ডিরেগুলেশন) নীতিতে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা ব্যবসার জন্য উন্মুক্ত। বিনিয়োগকারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত সিঙ্গেল উইন্ডো সার্ভিস চালুর প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও মূলধন সহজে নিজ দেশে ফেরত নেওয়ার ব্যবস্থাও সহজ করা হচ্ছে।
পুঁজিবাজারকে পুনর্গঠনের উদ্যোগের কথাও তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এতে অর্থায়নের খরচ কমবে এবং স্থানীয় বিনিয়োগকারীরাও প্রকল্পে অংশীদার হওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। শ্রমিকদের জন্য উন্নত আবাসন ও জীবনমান নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সিইআইজেড বাংলাদেশ ও চীনের কৌশলগত অর্থনৈতিক অংশীদারত্বের নতুন মাইলফলক। এটি শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় সংযুক্তি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় ৫০ বছর মেয়াদি, নবায়নযোগ্য কনসেশন ব্যবস্থায় পরিচালিত হবে এই শিল্পাঞ্চল। বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত অনুমোদন ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম, হুমাম কাদের চৌধুরীসহ সরকারি ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা।