নওগাঁর ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূ মনিরার। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত মনিরা বেগম (২২) উপজেলার অমরপুর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাডা গ্রামের হেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে মনিরা বেগম ও তার স্বামী ফরহাদ হোসেনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে মনিরার শরীরে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণ ও হাসপাতালের স্টাফ উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আনসার বাহিনী ঘাতক স্বামীকে আটক করে। ঘটনার সত্যতা স্বীকার করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিশ্চিত করেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আটক ফরহাদ হোসেনসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।