বাড়িভাড়া বৃদ্ধি, অতিরিক্ত সার্ভিস চার্জ এবং ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িওয়ালাদের আচরণ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নগরজীবনের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরে বাড়িওয়ালাদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রতিবছরই বাড়িভাড়া বাড়ানো হচ্ছে, অথচ সবার আয় একই হারে বাড়ে না। পাশাপাশি ভবনের রক্ষণাবেক্ষণ ব্যয় ও সার্ভিস চার্জের চাপও ভাড়াটিয়াদেরই বহন করতে হয় বলে উল্লেখ করেন তিনি।
শুধু ভাড়ার বিষয় নয়, রাতে নির্দিষ্ট সময়ের পর বাড়ির গেট বন্ধ রাখার নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তার মতে, বর্তমান সময়ে এমন বিধিনিষেধ অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ প্রসঙ্গে মনিরা মিঠু বলেন, ‘২০২৬ সালেও রাত ১১টার পর ভাড়াটিয়াদের জন্য গেট বন্ধ করে দেওয়া হয়। অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না—এটা বোঝা যায়। কিন্তু চোর-ডাকাত যখন বাড়িতে ঢুকে পড়ে, তখন এসব নিয়ম কোথায় থাকে?’
বক্তব্যের শেষদিকে বাড়িওয়ালাদের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দয়া করে আরও মানবিক হোন এবং ভাড়াটিয়াদের প্রতি সহনশীল আচরণ করুন।’
অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে নগরজীবনে ভাড়াটিয়াদের নানা সমস্যার কথাও তুলে ধরেছেন।