বলিউডে অভিনয়ের ক্ষেত্রে অনেক তারকাই নিজেদের ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন। বিশেষ করে ঘনিষ্ঠ বা চুম্বনের দৃশ্যে অভিনয়ের বিষয়ে অনেক অভিনেতা-অভিনেত্রী নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তবে এমন সিদ্ধান্তের কারণে কেউ কেউ হারিয়েছেন বড় সিনেমার সুযোগ, আবার কারও সঙ্গে নির্মাতাদের মতবিরোধও তৈরি হয়েছে।
বলিউডে দীর্ঘদিন ধরে একটি ধারণা রয়েছে—চিত্রনাট্যের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য অনেক সময় অপরিহার্য। তবে সব শিল্পী এই বিষয়টি মেনে নেননি। নিজেদের সিদ্ধান্তে অটল থেকে সিনেমা থেকে সরে দাঁড়ানো বা সুযোগ হারানো কয়েকজন তারকার কথা তুলে ধরা হলো।
কঙ্গনা রনৌত
বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রনৌত বরাবরই নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করে থাকেন। বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন, শুধুমাত্র দর্শক আকর্ষণের জন্য রাখা ঘনিষ্ঠ বা চুম্বনের দৃশ্যে অভিনয় করতে তিনি আগ্রহী নন। ক্যারিয়ারের শুরুর দিকে তার এই অবস্থানের কারণে কয়েকটি সিনেমা নিয়ে নির্মাতাদের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল বলে জানা যায়। তবে কোন সিনেমা তার হাতছাড়া হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
চিত্রাঙ্গদা সিং
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ২০১৫ সালে একটি সিনেমার শুটিংয়ের সময় নির্ধারিত চিত্রনাট্যের বাইরে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য ধারণ নিয়ে তার আপত্তির খবর প্রকাশিত হয়। পরে তিনি শুটিং থেকে সরে দাঁড়ান এবং সিনেমাটিও ছেড়ে দেন। চিত্রাঙ্গদার বক্তব্য ছিল, একজন অভিনয়শিল্পীর নিজের সীমা নির্ধারণের অধিকার রয়েছে।
মল্লিকা শেরওয়াত
সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত মল্লিকা শেরওয়াত পরে অভিযোগ করেন, অনেক নির্মাতা তাকে শুধু ঘনিষ্ঠ দৃশ্যের জন্যই ভাবতেন। তার দাবি, গল্পের প্রয়োজনে নয় এমন দৃশ্যে রাজি না হওয়ায় কয়েকটি সিনেমার সুযোগ হারাতে হয়েছে তাকে। অভিনেত্রীর মতে, অনেক সময় অভিনেত্রীদের ওপর এমন চাপ তৈরি করা হয়, যেন এসব দৃশ্যে রাজি না হলে তারা সহযোগিতা করছেন না।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডে নিজের ক্যারিয়ারের শুরুতে প্রিয়াঙ্কা চোপড়াকেও নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তার মা মধু চোপড়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কিছু দৃশ্যে আপত্তি থাকায় প্রিয়াঙ্কা কয়েকটি সিনেমার সুযোগ হারিয়েছিলেন। প্রিয়াঙ্কাও একবার জানিয়েছিলেন, একটি সিনেমায় এমন একটি দৃশ্যের প্রস্তাব দেওয়া হয়েছিল যা তার কাছে অস্বস্তিকর মনে হয়েছিল। পরে তিনি সেই কাজ থেকে সরে আসেন।
সোনাক্ষী সিনহা
ক্যারিয়ারের শুরুর দিকে সোনাক্ষী সিনহা চুম্বনের দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন। তার চুক্তিতেও এ বিষয়ে শর্ত থাকার কথা বিভিন্ন সময় আলোচনায় আসে। এর ফলে কিছু সিনেমায় দৃশ্য পরিবর্তন করা হয়েছিল বলে জানা যায়। পরবর্তী সময়ে তার অবস্থানে কিছুটা পরিবর্তন এলেও দীর্ঘদিন নিজের সীমারেখা বজায় রেখেছিলেন তিনি।
ম্রুণাল ঠাকুর
অভিনেত্রী ম্রুণাল ঠাকুর জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম দিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে তার পরিবারের আপত্তি ছিল। বিশেষ করে তাঁর মা-বাবা এ ধরনের দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। এ কারণে শুরুর দিকে কয়েকটি কাজের সুযোগ হাতছাড়া হয় বলে জানান তিনি। সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।
অসিন
দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউডে আসা অভিনেত্রী অসিনও পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে চলার জন্য পরিচিত ছিলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত বিশ্বাস ও পারিবারিক কারণে তিনি চুম্বনের দৃশ্যে অভিনয় করতে চাইতেন না। এ কারণে কয়েকটি সিনেমায় তাকে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছিল বলে সে সময় আলোচনা ছিল।
টাইমস অব ইন্ডিয়া ও ডিএনএ অবলম্বনে