মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তানকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) ভোরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস পুকুরিয়া গ্রামের অমল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর প্রায় ৫টার দিকে অপূর্বের স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছরের শিশুকে কোলে নিয়ে বাড়ির আঙিনায় একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে অপূর্ব দ্রুত ছুটে এসে স্ত্রী ও সন্তানকে রক্ষা করতে যান। তাদের উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে স্ত্রী, মা ও পরিবারের অন্য সদস্যদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন অপূর্ব বিশ্বাস। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।