পর্দায় যার নীরব ইশারায় শান্ত হতো দানবীয় ‘কং’, বাস্তব জীবনে সেই ইশারার ভাষা থেমে গেল চিরতরে। মাত্র ১৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘গডজিলা: কিং অব দ্য মনস্টার্স’ খ্যাত অভিনেত্রী কাইলি হটল। তার আকস্মিক মৃত্যুতে বিনোদন জগৎ ও হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফ্রেডরিক কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে ইজামসভিল এলাকায় কাইলি ও তার দুই সঙ্গীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কাইলিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। গাড়ির চালকসহ অপর দুই যাত্রী আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
জন্মগতভাবে বধির ছিলেন কাইলি হটল। তিনি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের (এএসএল) মাধ্যমে যোগাযোগ করতেন। তার পুরো পরিবারও বধির। অভিনয়ের মাধ্যমে তিনি শুধু হলিউডেই নয়, বিশ্বজুড়ে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন।
মেয়ের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে ইশারা ভাষায় বার্তা দিয়েছেন কাইলির বাবা জোশুয়া হটল।
তিনি বলেন, ‘কাইলির মা এবং তার চার ভাই-বোন সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারা সবাই একসঙ্গে বসে শোক পালন করছে। আমি এখন মেরিল্যান্ডে যাচ্ছি কাইলির দেহ বাড়িতে ফিরিয়ে আনতে।’
চরম শোকের মধ্যেও মানবিকতার পরিচয় দিয়েছেন জোশুয়া। দুর্ঘটনার জন্য দায়ী ১৯ বছর বয়সী চালকের উদ্দেশে তিনি বলেন, ‘আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই দুর্ঘটনাকে তোমার বাকি জীবন নষ্ট করতে দিও না।’
কাইলি হটলের অকালপ্রয়াণে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।