অস্ট্রেলিয়ার জনপ্রিয় অভিনেত্রী রেবেল উইলসনের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন সিডনির একটি আদালত। একই সঙ্গে মামলার বাদী অভিনেত্রী শার্লট ম্যাকইনেসকে রেবেল উইলসনের আইনি ব্যয় বহনের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) রায় ঘোষণা করেন বিচারক এলিজাবেথ রেপার। তিনি বলেন, মামলায় মানহানির অভিযোগ প্রতিষ্ঠার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি পাওয়া যায়নি। তাই মামলাটি খারিজ করা হয়েছে।
মামলাটি করেছিলেন অস্ট্রেলীয় অভিনেত্রী শার্লট ম্যাকইনেস, যিনি রেবেল উইলসনের চলচ্চিত্র ‘দ্য ডেব’-এ অভিনয় করেছিলেন। তার অভিযোগ ছিল, ২০২৪ ও ২০২৫ সালে ইনস্টাগ্রামে দেওয়া কয়েকটি পোস্টে রেবেল উইলসন এমন মন্তব্য করেন, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।
ওই পোস্টগুলোতে উইলসন দাবি করেছিলেন, চলচ্চিত্রটির প্রযোজক আমান্ডা ঘোস্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর শার্লট ম্যাকইনেস পরে নিজের ক্যারিয়ারের স্বার্থে সেই অভিযোগ থেকে সরে আসেন। তবে ম্যাকইনেস এ দাবি অস্বীকার করে আদালতের শরণাপন্ন হন।
রায়ে বিচারক বলেন, ম্যাকইনেস নিজের অবস্থান পরিবর্তন করেছেন—এমন ইঙ্গিতকে আইনগতভাবে মানহানিকর বক্তব্য হিসেবে বিবেচনা করা যায় না। ফলে মানহানির মামলার প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ হয়নি।
মামলার সূত্রপাত ২০২৩ সালের সেপ্টেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে। সে সময় বন্ডাই সমুদ্রসৈকতে সাঁতার কাটার পর প্রযোজক আমান্ডা ঘোস্টের ভাড়া করা একটি অ্যাপার্টমেন্টে ঘটে যাওয়া বাথটাব-সংক্রান্ত একটি ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। আদালতে ওই ঘটনার বিভিন্ন দিক নিয়েও শুনানি অনুষ্ঠিত হয়।
রায়ের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রেবেল উইলসন বলেন, পুরো আইনি প্রক্রিয়াটি তার জন্য কঠিন ছিল, তবে এই অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে।
তিনি লেখেন, ‘এই অভিজ্ঞতা আমাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে। তবে এটি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে, আমি সবসময় যা সঠিক মনে করি তার পক্ষেই দাঁড়াব এবং মানুষের মুখে হাসি ফোটানোর কাজ করে যাব।’
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উইলসন বলেন, এই অধ্যায়ের সমাপ্তিতে তিনি স্বস্তি বোধ করছেন। পাশাপাশি বিচারক এলিজাবেথ রেপার এবং অস্ট্রেলিয়ার বিচারব্যবস্থার প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
চলতি বছরের শুরুতে টানা তিন সপ্তাহ ধরে মামলার শুনানি হয়। শুনানিতে রেবেল উইলসন দাবি করেন, বাথটাব-সংক্রান্ত ঘটনার পরদিন শার্লট ম্যাকইনেস তার সঙ্গে কথা বলে অস্বস্তির কথা জানিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে তিনি প্রযোজক আমান্ডা ঘোস্টকেও বার্তা পাঠান, যা আদালতে উপস্থাপন করা হয়।
তবে রায় ঘোষণার পর এখন পর্যন্ত শার্লট ম্যাকইনেসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।