সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট ঘিরে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। অনেকে ধারণা করেছিলেন, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবা অস্ত্রোপচার করিয়েছেন। তবে নতুন এক ব্লগ পোস্টে এসব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন প্রবীণ এই অভিনেতা।
অমিতাভ বচ্চন স্পষ্ট জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। কোনো হাসপাতালে ভর্তি হননি এবং তার কোনো অস্ত্রোপচারও হয়নি। আগের পোস্টটি কেবল একটি বিষয় বোঝাতে রূপক উদাহরণ হিসেবে লিখেছিলেন, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
তিনি লিখেছেন, ‘আমি ভালো আছি। আগের পোস্টটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি শুধু একটি উদাহরণ দিচ্ছিলাম—অস্ত্রোপচার বা আইসিইউ থেকে বাড়ি ফেরার পর শারীরিক ও মানসিক অবস্থা সামলে ওঠাই সবচেয়ে কঠিন সময়।’
অমিতাভ জানান, তার সেই বক্তব্যের মূল প্রেক্ষাপট ছিল ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় এবং লিওনেল মেসির মতো একজন চ্যাম্পিয়নের হার। তিনি বলেন, একজন চ্যাম্পিয়নের জন্য পরাজয়ের পর নিজের মনকে সামলে আবার ঘুরে দাঁড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘আমি আর্জেন্টিনার পরাজয় এবং মেসি একজন চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও হেরে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছিলাম। কিন্তু অনেকে সেটিকে আমার শারীরিক অবস্থার সঙ্গে মিলিয়ে ফেলেছেন। প্রত্যেক চ্যাম্পিয়নের জানা উচিত, সময়ের সঙ্গে সঙ্গে নতুন আরেকজন চ্যাম্পিয়ন উঠে আসবে।’
নিজের বক্তব্য আরও ব্যাখ্যা করে অমিতাভ বলেন, একজন চ্যাম্পিয়নের জন্য নিজের জায়গা অন্য কেউ দখল করে নিয়েছে—এটি মেনে নেওয়া সহজ নয়। তবে জীবন এমনই। হাসপাতালের চিকিৎসা বা অস্ত্রোপচারের পর রোগ সেরে গেলেও শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার লড়াইটাই আসল পরীক্ষা। আর একজন প্রকৃত চ্যাম্পিয়ন সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আবারও নিজের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করেন।
গত কয়েক দিন ধরে অমিতাভ বচ্চনের একাধিক ব্লগ পোস্ট এবং এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া সংক্ষিপ্ত বার্তা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সর্বশেষ বার্তায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
এদিকে, শিগগিরই জনপ্রিয় কুইজভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন নিয়ে দর্শকদের সামনে ফিরতে যাচ্ছেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা।
সূত্র: এনডিটিভি।