কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতি, লাইসেন্স নবায়ন না থাকা, লেবার রুমের ব্যবস্থা না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আরেকটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো— আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার। এ ছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কোনো কর্তব্যরত চিকিৎসক পাওয়া যায়নি।
এ ছাড়া সেখানে লেবার রুমেরও অস্তিত্ব ছিল না। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করা হবে।
অভিযান শেষে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘মানিকগঞ্জের স্বাস্থ্যসেবাকে জনবান্ধব ও মানসম্মত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’