কিয়ারা আদভানি ও যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’-এর গান ‘তাবাহি’ প্রকাশের পর থেকেই অন্তরঙ্গ দৃশ্য ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারাকে নিয়ে যখন নানা কটাক্ষ ও বিতর্ক, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা বা না করা সম্পূর্ণ শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করে তিনি জানিয়েছেন, নিজের নীতির কারণে অতীতেও এমন দৃশ্য থাকা একাধিক বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
সম্প্রতি পডকাস্টার শুভংকর মিশ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, তিনি কখনোই এমন কোনো দৃশ্য বা পোশাকে অভিনয় করেননি, যাতে নিজেকে অস্বস্তিকর মনে হয়। তাঁর ভাষায়, পর্দার অন্তরঙ্গ দৃশ্য কিংবা বিকিনির মতো পোশাক—যদি তাঁর ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের সঙ্গে না মেলে, তবে তিনি তা গ্রহণ করেন না।
অভিনেত্রী বলেন, এটা আমার ব্যক্তিগত সীমারেখা। অনেক বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আফসোস নেই। নিজের সীমারেখাকে আমি সব সময় সম্মান করেছি।
নারী-পুরুষ অভিনেতাদের সমালোচনার ভিন্ন মানদণ্ড নিয়েও কথা বলেন কাজল। তাঁর মতে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন কি না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাস্তবে এ ধরনের বিষয়ে নারী অভিনেতাদেরই তুলনামূলক বেশি সমালোচনার মুখে পড়তে হয়।
মাতৃত্বের প্রসঙ্গ টেনে কাজল জানান, এখন চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে তাঁর চার বছর বয়সী ছেলে নীলের কথাও মাথায় রাখেন। তিনি বলেন, “আমার ছেলে বড় হয়ে যখন আমার সিনেমা দেখবে, তখন যেন গর্ব অনুভব করে। কোনো দৃশ্য দেখে সে যেন অস্বস্তিতে না পড়ে বা প্রশ্ন না করে—মা, তুমি এটা কেন করলে?
প্রসঙ্গত, ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’-এর ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। একই দৃশ্যে অভিনয় করেও কেন নারী অভিনেত্রীরাই বেশি সমালোচিত হন, সে প্রশ্নও তুলেছেন ছবির অভিনেতা বেনেডিক্ট গ্যারেট।
আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’। অন্যদিকে কাজল আগরওয়াল অভিনীত ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ মুক্তি পাচ্ছে ২৪ জুলাই।