সিনেমার পর্দায় সাম্প্রতিক সময়ে বড় কোনো বক্স অফিস সাফল্য না মিললেও বিনিয়োগে থেমে নেই বলিউড তারকা জন আব্রাহাম। এবার মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় ৮৪ কোটি রুপি ব্যয়ে একটি বিলাসবহুল বাংলো কিনে আবারও আলোচনায় এসেছেন তিনি। চলতি বছরের ১৪ জুলাই সম্পত্তিটির নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে নিবন্ধন-সংক্রান্ত নথিতে জানা গেছে।
বান্দ্রা পশ্চিমের সেন্ট মার্টিন রোডে অবস্থিত ফ্রিহোল্ড সম্পত্তিটির আয়তন ১,০১৭.৬০ বর্গমিটার। এতে একটি মূল বাংলো ও একটি আউটহাউস রয়েছে। সম্পত্তি নিবন্ধনের সময় স্ট্যাম্প ডিউটি বাবদ ৫.০৪ কোটি রুপি পরিশোধ করেছেন এই অভিনেতা।
রিয়েল এস্টেটে বিনিয়োগে জন আব্রাহামের আগ্রহ নতুন নয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের খার এলাকায় ৭০.৮৩ কোটি রুপি মূল্যের আরেকটি বাংলো কিনেছিলেন তিনি। সেই সময় স্ট্যাম্প ডিউটি হিসেবে পরিশোধ করেন ৪.২৪ কোটি রুপি।
এদিকে, অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন জন আব্রাহাম। পরিচালক রোহিত শেঠির নতুন জীবনীভিত্তিক সিনেমায় সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার চরিত্রে অভিনয় করবেন তিনি। রাকেশ মারিয়ার স্মৃতিকথা Let Me Say It Now অবলম্বনে নির্মিতব্য ছবিতে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা ও ২৬/১১ সন্ত্রাসী হামলার তদন্তে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে।
নিজের নতুন চরিত্র প্রসঙ্গে জন আব্রাহাম বলেছেন, শুধু বাহ্যিক রূপ নয়, রাকেশ মারিয়ার মানসিক দৃঢ়তা, দায়িত্ববোধ এবং চাপের মধ্যে কাজ করার অভিজ্ঞতাও পর্দায় ফুটিয়ে তুলতে চান তিনি। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যুক্ত এমন একজন ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরা নিজের জন্য বড় দায়িত্ব বলেও মন্তব্য করেন এই অভিনেতা।