ভারতের দিল্লিতে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ বলিউড অভিনেত্রী শাবানা আজমি।
সোমবার (২০ জুলাই) যন্তর মন্তরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তার অসুস্থতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, অসুস্থ অবস্থায় শাবানা আজমিকে আশপাশের লোকজন ধরে নিয়ে যাচ্ছেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে বিশ্রামের ব্যবস্থা করেন। ঘটনাস্থলে থাকা কয়েকজন দ্রুত গেট খুলে দেওয়ার অনুরোধ করলে পরে তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়।
৭৫ বছর বয়সী এই অভিনেত্রী এর আগে থেকেই সিজেপির আন্দোলনরত নেতাকর্মীদের সমর্থনে যন্তর মন্তরে উপস্থিত ছিলেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার অংশ।
অন্য বলিউড তারকারা কেন এই আন্দোলনে অংশ নিচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে শাবানা আজমি বলেন, শুধু চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়েই কেন প্রশ্ন করা হয়, শিল্পপতি বা অন্য পেশাজীবীদের ক্ষেত্রে একই প্রশ্ন করা হয় না। তার মতে, তারকাদের উপস্থিতি নিয়ে অতিরিক্ত আলোচনা হলে আন্দোলনের মূল বিষয় আড়ালে পড়ে যেতে পারে।
সিজেপির এই কর্মসূচিতে শাবানা আজমি ছাড়াও স্বরা ভাস্কর, প্রকাশ রাজ ও পুনম পান্ডের মতো তারকারা উপস্থিত হয়ে সমর্থন জানিয়েছেন।
শাবানা আজমির অসুস্থতার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে আন্দোলনে তার অংশগ্রহণ নিয়েও চলছে নানা আলোচনা।