যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ। দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে, আর ভারত ইরান সফর স্থগিত রাখার পাশাপাশি সেখানে থাকা নাগরিকদের পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে।
রবিবার (১৯ জুলাই) ইরান, ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের ১৭টি দেশে দায়িত্ব পালনকারী দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ সতর্কতা জারি করে সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে ওই অঞ্চলে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার নাগরিক, কূটনৈতিক কর্মী এবং দেশটির বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেন, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ গত মার্চ থেকেই লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। তাই জরুরি প্রয়োজন না থাকলে সেখানে অবস্থানরত স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের যত দ্রুত সম্ভব অঞ্চলটি ত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীর তৎপরতা এবং সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে লোহিত সাগরে চলাচলকারী দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোকেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
একই সময়ে ভারত সরকারও তাদের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান সফর এড়িয়ে চলাই শ্রেয়। বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও সম্ভব হলে বাণিজ্যিক ফ্লাইটে সাময়িকভাবে দেশটি ছাড়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
এ ছাড়া জর্ডানে অবস্থানরত ভারতীয়দের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত নিরসন ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে।