সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত অর্জুন হাজং লক্ষ্মীপুর গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর গ্রামের আব্দুস শহিদ মিয়ার পাঁচ বছর বয়সী কন্যাশিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে শিশুটির মা শিউলি বেগম বাদী হয়ে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশের অভিযানে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে অর্জুন হাজংকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ৫ বছর বয়সী শিশু চাঁদ মনিকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের অর্জুন হাজংকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।