২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। সেই উত্তেজনার প্রভাব পড়েছে টিকিটের বাজারেও। ম্যাচের আগমুহূর্তে পুনর্বিক্রয় বাজারে (রিসেল) ফাইনালের টিকিটের দাম পৌঁছেছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ থেকে ৭৪ লাখ টাকার সমান।
ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে শনিবার গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৮ লাখ টাকা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিটগুলো বিক্রি হয়ে যায়।
এরপর অবশিষ্ট সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। মাঠের কাছাকাছি আসনের টিকিট কিনতে খরচ করতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিটের দাম উঠেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা প্রায় ৭৪ লাখ টাকার সমান।
টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাব-এও একই চিত্র দেখা গেছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে, আর লোয়ার বোলের কিছু আসনের মূল্য পৌঁছেছে প্রায় ৩৫ হাজার ডলারে।
এবারের ফাইনাল নিয়ে সমর্থকদের আগ্রহের অন্যতম কারণ, বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। পাশাপাশি এটিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ হিসেবেও দেখা হচ্ছে।
ফাইনালে আর্জেন্টিনা নামছে চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে। একই সঙ্গে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগও রয়েছে তাদের সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন।
চলতি বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। উল্লেখ্য, গত মার্চে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে বাতিল হয়েছিল। শেষ পর্যন্ত দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ—বিশ্বকাপের ফাইনালে।