বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াইয়ের আগে নিজের পছন্দের দল জানিয়ে দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার বিশ্বাস, লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে সহজ জয় নিয়েই বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে স্পেন।
রোনালদোর মতে, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন ছিল সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। ফাইনালেও লুইস দে লা ফুয়েন্তের দল নিজেদের আধিপত্য ধরে রাখবে বলে মনে করছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমার মনে হয় স্পেন জিতবে, এবং সহজেই জিতবে। শুরু থেকেই ফ্রান্সের পাশাপাশি তারাই অন্যতম ফেবারিট ছিল।’
স্পেনের এমন পারফরম্যান্সের পেছনে তাদের দীর্ঘদিনের ফুটবল দর্শন ও পরিকল্পনাকে বড় কারণ হিসেবে দেখছেন রোনালদো। তার মতে, দলটির খেলার ধরন কোনো হঠাৎ পাওয়া সাফল্য নয়, বরং এটি তাদের ফুটবল সংস্কৃতির অংশ।
রোনালদো বলেন, ‘স্পেন অসাধারণ ফুটবল খেলে। এটা তাদের ডিএনএর অংশ। তারা বহু বছর ধরে একই ধরনের ফুটবল খেলছে। ছোটবেলা থেকেই তাদের খেলোয়াড়রা এই দর্শনের মধ্যে বেড়ে ওঠে।’
তবে ফাইনালে স্পেনকে এগিয়ে রাখলেও আর্জেন্টিনার প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। এবারের বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলের লড়াইয়ের মানসিকতা ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তাকে মুগ্ধ করেছে।
রোনালদোর মতে, আর্জেন্টিনা প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের প্রমাণ করেছে। তিনি বলেন, ‘এই বিশ্বকাপে তাদের গল্পটা সত্যিই দারুণ। তারা লড়াই করার মানসিকতার অসাধারণ উদাহরণ। তবে স্পেন অনেক বেশি সংগঠিত এবং ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তারা সেটা ভালোভাবে জানে।’