আর্জেন্টিনা-স্পেন রোমাঞ্চকর লড়াই

সফিকুল হাসান সোহেল

খেলা

অপেক্ষার পালা শেষ। ২৩ তম ফিফা বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক প্রহর বাকি। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে এই

2026-07-19T11:58:57+00:00
2026-07-19T11:58:57+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনা-স্পেন রোমাঞ্চকর লড়াই
সফিকুল হাসান সোহেল
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম 
সংগৃহীত ছবি
অপেক্ষার পালা শেষ। ২৩ তম ফিফা বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক প্রহর বাকি। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে এই ফাইনাল মহারণ। এবার কারা হবে মহামূল্যবান চ্যাম্পিয়ন? 

আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়, জানা যাবে আজ। বিশ্ব ফুটবল বহুবার দেখেছে আর্জেন্টিনা ও স্পেনের রোমাঞ্চকর লড়াই। কখনও প্রীতি ম্যাচে, কখনও বিশ্বকাপের মঞ্চে- দুই পরাশক্তির প্রতিটি মুখোমুখিই ছিল উত্তেজনায় ভরপুর। এবার সেই প্রতিদ্বন্দ্বিতা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ও লুইস দে লা ফুয়েন্তের স্পেন। 

এবারের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই শুধু পরবর্তী বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণই করবে না। ম্যাচটি শুরুর আগেই এটি ইতিহাস গড়বে। 

আন্তর্জাতিক ফুটবলের দুই পরাশক্তি এমন এক মহারণে মুখোমুখি হতে যাচ্ছে, যা এর আগে কোনো বিশ্বকাপ ফাইনালে কখনও দেখা যায়নি। ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহের অন্ত নেই। যে কারণে টিকিটের দাম বেড়ে হয়েছে আকাশ ছোঁয়া। 

যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের গড় ক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১৪ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা প্রায় ৮৩ হাজার। গড় টিকিটের মূল্যের সঙ্গে দর্শকের হিসাব কষলে দেখা যায় আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের টিকিট থেকে আয় হবে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা। ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ৭ হাজার ৬৭৬ ডলার বা প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা। সবচেয়ে দামি টিকিটের দাম ২৮ হাজার ৪৭৯ ডলার বা প্রায় ৩৫ লাখ টাকা। 

টিকপিকের হিসাবে, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এবারের বিশ্বকাপ ফাইনালের টিকিট সবচেয়ে দামী। এর আগে ২০২৪ এর সুপার বোল এলভির ফাইনালের টিকিটের গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার।

এবারের বিশ্বকাপে টিকিট বিক্রি হচ্ছে রিসেল পদ্ধতিতে। অর্থাৎ টুর্নামেন্ট শুরুর আগে ফিফা ম্যাচ প্রতি টিকিটির একটি প্রাথমিক মূল্য তালিকা দিয়েছিল। 

ম্যাচের গুরুত্ব অনুযায়ী, টিকিটির চাহিদা বাড়ার সঙ্গে ফিফাও বাড়িয়েছে টিকিটের দাম। বিশ্বকাপের ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য যেমন ১০ হাজার ৯৯০ ডলার ছিল। যা এখন প্রায় সাড়ে ২৮ হাজার ডলার। ফিফার এভাবে টিকিটের মূল্য বাড়ানোকে অনেকে ফিফার ব্লাক টিকিট আখ্যা দিয়েছেন।
 
মাসের পর মাস ধরে ভক্তরা আশা করেছিলেন, বহুদিন ধরে আলোচিত ফাইনালিসিমা ম্যাচে এই দুই দল একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচের উদ্দেশ্য ছিল বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নের মধ্যে লড়াইয়ের আয়োজন করা। 

কিন্তু সূচি-সংক্রান্ত জটিলতা এবং ক্রমশ ব্যস্ত আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারের কারণে ম্যাচটি আর অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে ভাগ্য ভক্তদের জন্য আরও বড় কিছু এনে দিয়েছে। আলাদা একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হওয়ার বদলে আর্জেন্টিনা ও স্পেন এখন ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারের জন্য লড়বে। 

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফিফা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। এর আগে কখনও সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল এবং বর্তমান দক্ষিণ আমেরিকান কোপা চ্যাম্পিয়ন ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়নি। 

আর্জেন্টিনা কোপা আমেরিকা এবং স্পেন উয়েফা ইউরো জেতার পর, ফিফা ও উয়েফা আরেকটি ফাইনালিসিমা আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল। এই ম্যাচে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার কথা ছিল বিশ্বকাপের আগে। কিন্তু সূচি-সংক্রান্ত সমস্যার কারণে এবং আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারের ক্রমবর্ধমান ব্যস্ততার ফলে ম্যাচটি আর বাস্তবায়িত হয়নি।

ইতিহাস এখানেই শেষ নয়। এই ফাইনালে মুখোমুখি হবে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল। দুই দলই নিজ নিজ মহাদেশের বর্তমান চ্যাম্পিয়ন এবং একই সঙ্গে বিশ্ব ফুটবলের শীর্ষ দুই অবস্থানে রয়েছে। তাই ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে এমন সব উপাদান রয়েছে, যা এটিকে ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচে পরিণত করতে পারে।

ইতিহাস বলছে, দুই দলের লড়াইয়ে এখন পর্যন্ত কেউই কারও চেয়ে এগিয়ে নয়। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার এই মহারণে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় দুই ফুটবল পরাশক্তি।

এখন পর্যন্ত সব মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। এর মধ্যে ৬টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, ৬টি জিতেছে স্পেন, আর ২টি ম্যাচ ড্র হয়েছে। 

অর্থাৎ দীর্ঘদিনের এই প্রতিদ্বন্দ্বিতায় দুই দলই সমানে সমান। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালের ২৭ মার্চ, মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে। 

সেই ম্যাচে হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল স্পেন। লিওনেল মেসি চোটের কারণে খেলেননি, আর সেই হার ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার আগাম ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল। 

অন্যদিকে, বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের দেখা হয় ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে লুইস আর্তিমের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেটিই বিশ্বকাপে স্পেনের বিপক্ষে আলবিসেলেস্তেদের একমাত্র ম্যাচ এবং একমাত্র জয়। দুই দলের মধ্যে আরেকটি সম্ভাব্য বড় লড়াই হওয়ার কথা ছিল ফিনালিসিমায়। 

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা সেই ম্যাচের যোগ্যতা অর্জন করলেও, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সূচি বাতিল হয়ে যায়। ফলে এখন পর্যন্ত সেই ম্যাচ আর অনুষ্ঠিত হয়নি। এতদিনের ইতিহাসে দুই দলই সমান সংখ্যক জয় ভাগাভাগি করেছে। তবে এবার লড়াইটি আর পাঁচটি ম্যাচের মতো নয়। 

এটি বিশ্বকাপের ফাইনাল- যেখানে একটি জয় শুধু শিরোপাই এনে দেবে না, মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এক পক্ষকে এগিয়ে দেবে। তাই নিউজার্সিতে অপেক্ষা করছে আরেকটি স্মরণীয় অধ্যায়, যেখানে ফুটবল বিশ্ব দেখবে- সমতার পাল্লা শেষ পর্যন্ত আর্জেন্টিনার দিকে ঝুঁকে পড়ে, নাকি স্পেনই ইতিহাসের নতুন মালিক হয়।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়াম নামে পরিচিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে স্পেন।

অন্যদিকে, চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে আর্জেন্টিনার সামনে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার উপস্থিতি ইতোমধ্যে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের বিশ্বকাপ ফাইনালের আরেকটি বড় আকর্ষণ হাফটাইম শো। 

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এনএফএলের সুপার বোল-এর আদলে জমকালো হাফটাইম আয়োজন করা হচ্ছে। এতে পারফর্ম করার কথা রয়েছে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, কোরিয়ান ব্যান্ড বিটিএস, বার্না বয় ও কোল্ডপ্লের। এ আয়োজনের কারণে স্বাভাবিক ১৫ মিনিটের বিরতির পরিবর্তে হাফটাইম প্রায় ৩০ মিনিট পর্যন্ত হতে পারে। 

এ ছাড়া ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে টম ক্রুজ ও রবি উইলিয়ামসসহ বিশ্বখ্যাত তারকাদের অংশগ্রহণে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করা হবে। এদিকে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাসে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। 

আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৯ দশমিক ৪ শতাংশ। তবে পরিসংখ্যান যাই বলুক, ফুটবলবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে এক মুহূর্তের ভুলই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের লড়াইয়ে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।


  বিষয়:   বিশ্বকাপ  চ্যাম্পিয়ন  আর্জেন্টিনা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: