বলিউড অভিনেত্রী মৌনী রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জোর গুঞ্জন ছড়িয়েছে। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিকমাধ্যমে নানা আলোচনা শুরু হলেও, সেই জল্পনাকে স্পষ্ট ভাষায় নাকচ করেছেন অর্জুন। তিনি বলেছেন, নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়; দীর্ঘদিনের বন্ধুত্বকে ভুলভাবে উপস্থাপন করা অনুচিত।
সম্প্রতি একটি রেস্তোরাঁ থেকে মৌনী রায় ও অর্জুন বিজলানিকে একসঙ্গে বের হতে দেখা যায়। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। অনেকেই দাবি করতে থাকেন, বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন মৌনী।
তবে এ বিষয়ে মুখ খুলেছেন অর্জুন বিজলানি। সামাজিকমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘১৫ বছরের বন্ধুত্ব হঠাৎ করে প্রেমে পরিণত হয় না। শুধু চটকদার শিরোনাম বানিয়ে কারও ভাবমূর্তি ক্ষুণ্ন করা ঠিক নয়।’
তিনি আরও বলেন, নারী ও পুরুষের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা কিংবা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কও থাকতে পারে। সব সম্পর্ককে প্রেমের রঙে দেখা সমাজের একটি ভুল প্রবণতা। শুধু লাইক-ভিউ পাওয়ার আশায় এমন বিভ্রান্তিকর খবর প্রকাশ না করারও আহ্বান জানান এই অভিনেতা।
উল্লেখ্য, গত মে মাসে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। এরপর থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও, অর্জুন বিজলানির বক্তব্যে পরিষ্কার হয়েছে—তাদের সম্পর্কের ভিত্তি প্রেম নয়, দীর্ঘদিনের বন্ধুত্ব।