শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ পাওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। অভিযোগকে ‘ইঙ্গিতপূর্ণ’ বলে উল্লেখ করে তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এত দিন নীরব ছিলেন এবং পুরো বিষয়টির মোকাবিলা আইনিভাবেই করবেন।
গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
সমন জারি ও মামলা দায়েরের পর এত দিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিশা। তবে বৃহস্পতিবার (১৬ জুলাই) এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ার গড়ে তোলার পর মাত্র ২৭-২৮ হাজার টাকার একটি শাড়ির জন্য প্রতারণার অভিযোগ তাঁর কাছে অযৌক্তিক মনে হয়েছে।
তিশা বলেন, আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? এত কষ্ট করে কি আমি এই জায়গায় এসেছি?
তিনি আরও দাবি করেন, নতুন সিনেমার শুটিং শুরু করার পরদিনই আইনি নোটিশ পান এবং অল্প সময়ের মধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যখন ওপরে উঠতে চায়, তখন কিছু মানুষ তাকে পেছন থেকে টেনে ধরতে চায়। আমারও ঠিক একই অনুভূতি হয়েছে।
তবে মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, আইনি প্রক্রিয়া চলমান থাকায় এখনই সবকিছু প্রকাশ করতে চান না। তিনি বলেন, আমার অনেক কিছু বলার আছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এখন নীরব আছি। বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করব।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি আর যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। এ ঘটনায় ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করা হয়।
অন্যদিকে, ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।