দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভেঙে গেল মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকরের দীর্ঘ ১৫ বছরের সংসার। বেশ কিছুদিন ধরেই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন ভক্ত ও গণমাধ্যমের প্রতি।
যৌথ বিবৃতিতে আদীনাথ ও ঊর্মিলা বলেন, দীর্ঘ ভাবনাচিন্তার পর তারা বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের দাম্পত্যের সমাপ্তি হলেও কন্যা জিজাহ-ই তাদের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে।
তারা বলেন, আমাদের দাম্পত্যের পথচলা শেষ হলেও মেয়ে জিজাহর প্রতি আমাদের দায়বদ্ধতা অটুট। আমরা দুজনই যৌথভাবে তার লালন-পালন করব, যাতে সে ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের পরিবেশে বড় হতে পারে।
বিবৃতিতে আরও জানানো হয়, একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি ও সম্পর্কের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যম ও ভক্তদের কাছ থেকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
বিবৃতির শেষে তারা বলেন, আমাদের বন্ধু, সংবাদমাধ্যম এবং সবার কাছে অনুরোধ, এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। এ বিষয়টি নিয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। এরপর আর কোনো মন্তব্য করব না।
গত কয়েক মাস ধরেই আদীনাথ ও ঊর্মিলার দাম্পত্য সম্পর্কে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২৫ সালের শেষ দিকে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে তাদের আলাদা থাকার খবর প্রকাশ পেলেও তখন এ বিষয়ে মুখ খোলেননি কেউ।
এর আগে এক সাক্ষাৎকারে ঊর্মিলা জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত’ আলোচনা তিনি গুরুত্ব দেন না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, অনলাইনে প্রচারিত সব তথ্য বিশ্বাস করা উচিত নয়।
২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার শুটিংয়ের সময় প্রথম পরিচয় হয় আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকরের। ছবিটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা মহেশ কোথারে। ওই সিনেমার মাধ্যমেই অভিনয়ে অভিষেক হয় ঊর্মিলার। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৮ সালে তাদের কন্যাসন্তান জিজাহর জন্ম হয়।
অভিনয়জীবনে ঊর্মিলা ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভ্হায়চি!’ ও ‘তি সধ্যা কায় কারতে’-সহ একাধিক জনপ্রিয় মারাঠি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি হিন্দি ও তেলেগু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।
অন্যদিকে আদীনাথ কোথারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক—তিন ভূমিকাতেই মারাঠি চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় ভরত চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া হানসাল মেহতার ‘গান্ধী টকস’ সিনেমাতেও দেখা যাবে তাকে।