ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছে সরকার। তবে ইঞ্জিন ও কোচ সংকট কাটিয়ে প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহের পরই ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন।
বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, বর্তমানে ইঞ্জিন ও কোচের সংকট রয়েছে। এ সংকট নিরসনে ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য পৃথক একটি ডিপিপির অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন হাতে পেলেই ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালু করা হবে।
একই রুটে ব্রডগেজ ট্রেন চালুর বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা-সিলেট রেলপথ মিটারগেজ লাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ রেলপথকে ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা গেলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে রেলওয়ের উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন রেলমন্ত্রী।