নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে গোসল করতে নেমে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ভেলুয়ারচর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে নিপা আক্তার (৭) এবং একই এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতী আক্তার (১১)।
স্বজনরা বলছেন, শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ভেলুয়ারচর বিলে গোসল করতে যায় দুই শিশু। বৃষ্টিতে জমে থাকা অতিরিক্ত পানির গভীরতা তারা বুঝতে না পারায় ডুবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মৃত দুই শিশুর লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় খালে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় আবারও দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল।