নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সাদিক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত একজন অভিজ্ঞ ডুবুরি ছিলেন। সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদক লাভ করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোটচালক সজল দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন আরও জানান, সাদিক ছিলেন একজন দক্ষ, সাহসী ও দায়িত্বশীল ডুবুরি। বিভিন্ন উদ্ধার অভিযানে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় পদকে ভূষিত হন। নিখোঁজ ডুবুরিকে দ্রুত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।