নরসিংদীর রায়পুরায় একসঙ্গে নিভে গেল তিন কিশোরীর প্রাণ। মাদরাসা থেকে ফেরার পর পানিতে নামার কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় পানিতে ডুবে তিন মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুরা হলো-বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮)। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিন পিরিয়ড শুরু হয়। ওই সময় ৬ জন শিশু শিক্ষার্থী মাদরাসার পাশের একটি বিলে গোসল করতে নামে। একপর্যায়ে এক শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে এগিয়ে যায় বাকি ৫ ছাত্রী। ওই সময় তাদের মধ্যে ৩ জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধারে নামে। ওই সময় ৩ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর খবর পেয়েছি।