চাঁদপুরে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালিত হয়েছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৭টি অবৈধ যানবাহন জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে এ অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে সচেতনতামূলক পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বাবুরহাট বাজার মোড়ে উপস্থিত থেকে ট্রাফিক কার্যক্রম ও অভিযান সরাসরি তদারকি করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
এদিকে পালবাজার মোড়ে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
এ ছাড়া ট্রাফিক পরিদর্শক (অ্যাডমিন), শহর ও যানবাহন শাখার কর্মকর্তারা, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অভিযানে অংশ নেন।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং জনস্বার্থে এ ধরনের বিশেষ ট্রাফিক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।