তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিদায়ী ছবি ‘জনা নায়াগান’-এর সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে এক ধাপ পিছিয়ে গেল তার ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘সিগমা’। আগে ৩১ জুলাই মুক্তির কথা থাকলেও ছবিটি এখন আগস্টে প্রেক্ষাগৃহে আসবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ জুলাই মুক্তি পাচ্ছে বিজয়ের বহুল প্রতীক্ষিত ও অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জনা নায়াগান’। একই সময়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই ছবির সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই ‘সিগমা’-র মুক্তির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে পরিচালনায় অভিষেকের পাশাপাশি অভিনয়েও অভিষেক ঘটাতে যাচ্ছেন জেসন সঞ্জয়। এনডিটিভির তথ্য অনুযায়ী, প্রযোজক জিকেএম তামিল কুমারান তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে জেসনের প্রথম অভিনীত সিনেমা নির্মাণের বিষয়ে আলোচনা করছেন।
লাইকা প্রোডাকশন্স প্রযোজিত ‘সিগমা’ একটি অ্যাকশনধর্মী সিনেমা, যেখানে ট্রেজার হান্ট, হাইস্ট ও কমেডির সমন্বয় থাকবে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুন্দীপ কিশান। এছাড়া রয়েছেন ফারিয়া আবদুল্লাহ, রাজু সুন্দরম, সম্পথ রাজ, শিব পণ্ডিত, আনবু থাসান, যোগ জাপি, মহালক্ষ্মী, শীলা রাজকুমার, কমলেশ ও কিরণ কোন্ডা।
সিনেমাটির শুটিং হয়েছে ভারতের তামিলনাড়ু ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে। সংগীত পরিচালনা করেছেন এস থামান।
এক বিবৃতিতে জেসন সঞ্জয় বলেন, ‘সিগমা’ এমন এক গল্প, যেখানে একজন মানুষ সমাজের প্রচলিত প্রত্যাশার বাইরে গিয়ে নিজের পথ নিজেই তৈরি করে। ট্রেজার হান্ট, হাইস্ট ও কমেডির মিশেলে এটি দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদনের অভিজ্ঞতা হবে।
এখন দর্শকদের নজর ২৪ জুলাই মুক্তি পেতে যাওয়া বিজয়ের বিদায়ী সিনেমা ‘জনা নায়াগান’-এর দিকে। এরপর আগস্টে বড় পর্দায় পরিচালকের আসনে অভিষেক হতে যাচ্ছে তার ছেলে জেসন সঞ্জয়ের, ‘সিগমা’ সিনেমার মাধ্যমে।