হলিউড অভিনেতা ও জনপ্রিয় সিরিজ দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ–এর তারকা পল ওয়েসলি তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রের একান্ত আয়োজনে সিভিল ম্যারেজের মাধ্যমে মডেল নাটালি কুকেনবার্গের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
সোমবার ইনস্টাগ্রামে বিয়ের ছয়টি ছবি প্রকাশ করে সুখবর জানান নাটালি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস, আর আমাদের বেস্ট বয় গ্রেগ।’
প্রকাশিত ছবিতে দেখা যায়, খেজুরগাছঘেরা খোলা পরিবেশে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নবদম্পতি। অনুষ্ঠানে তাদের প্রিয় পোষা কুকুর ‘গ্রেগ’-ও ছিল বিশেষ আকর্ষণ। এক ছবিতে তাকে নবদম্পতির মাঝখানে বসে থাকতে দেখা যায়, অন্য ছবিতে পল ও নাটালিকে একে অপরের হাত ধরে ও চুম্বনের মুহূর্ত উপভোগ করতে দেখা যায়।
বিয়ের অনুষ্ঠানে নাটালি পরেছিলেন ডিজাইনার গালিয়া লাহাভের আইভরি রঙের ‘লিলু’ গাউন। অন্যদিকে পল ওয়েসলি ছিলেন নেভি ব্লু স্যুট ও কালো টাইয়ে।
গত বছরের গ্রীষ্মে বাগদান সম্পন্ন করেন এই জুটি। ২০২৫ সালের ১৯ জুলাই ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দেন নাটালি। পরে এক সাক্ষাৎকারে পল জানান, ইতালির আমালফি কোস্টে তাদের প্রথম ডেটের স্মৃতিবিজড়িত একটি হোটেলেই তিনি নাটালিকে বিয়ের প্রস্তাব দেন। অভিনেতার ভাষায়, প্রস্তাব পাওয়ার পর আবেগে কান্নায় ভেঙে পড়েছিলেন নাটালি।
তাদের সম্পর্ক কবে শুরু হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ২০২২ সালের নভেম্বরে ইতালির নেরানোতে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়ায়। পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে পল জানান, নিউইয়র্কের একটি বারে তাদের প্রথম পরিচয় হয়েছিল।
উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত অভিনেত্রী টরি ডিভিটো এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইনেস ডি র্যামনের সঙ্গে বিবাহিত ছিলেন।
সূত্র: পিপল