বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পরিবারে আসতে যাচ্ছে দ্বিতীয় সন্তান। জীবনের এই বিশেষ সময়ে স্ত্রী ও পরিবারের পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পরিচালক জয় মেহতার নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং চলাকালেই সাময়িক বিরতি নেবেন তিনি। প্রথম ধাপের শুটিং দীপাবলি পর্যন্ত শেষ করে দ্বিতীয় সন্তানের জন্মের সময় পুরোটা পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন এই অভিনেতা।
জানা গেছে, রণবীর ও দীপিকার দ্বিতীয় সন্তানের জন্ম সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে। সেই সময় স্ত্রী ও নবজাতকের পাশে থাকতেই আগেভাগে কাজের সূচি সাজিয়ে নিচ্ছেন রণবীর।
এর আগে প্রথম সন্তান দুয়ার জন্মের পর দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন এবং মেয়ের সঙ্গে সময় কাটাতে কাজের ব্যস্ততাও কমিয়ে আনেন। তবে তখন রণবীর ব্যস্ত ছিলেন ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে। এবার সেই অভাব পূরণ করতে পরিবারের দায়িত্ব সমানভাবে ভাগ করে নিতে চান তিনি।
ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রণবীর। সম্প্রতি তিনি ‘ধুরন্ধর’-এর কাজ শেষ করেছেন। পাশাপাশি ‘ডন ৩’ নিয়েও আলোচনায় রয়েছেন। এরই মধ্যে শুরু হচ্ছে তার নতুন সিনেমা ‘প্রলয়’-এর প্রস্তুতি।
জয় মেহতা পরিচালিত ‘প্রলয়’ একটি জোম্বি থ্রিলার। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় প্রথমবার এমন চরিত্রে দেখা যাবে রণবীরকে। ছবিটির বড় একটি অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ২০২৭ সালে দ্বিতীয় ধাপের শুটিং শুরুর কথা রয়েছে।
ব্যস্ত ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন রণবীর-দীপিকা। দ্বিতীয় সন্তানের আগমনকে ঘিরে তাদের ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।