মুম্বাইয়ে একটি পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রগ্রাহকের (পাপারাজ্জি) আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। অনুষ্ঠান চলাকালেই এক চিত্রগ্রাহক তার পোশাক ‘পরে দেখার’ (ট্রাই করার) অনুরোধ করলে প্রকাশ্যেই কড়া জবাব দেন তিনি।
অনুষ্ঠানে ডেনিম জ্যাকেট ও পোশাক প্রদর্শনের সময় ওই মন্তব্য শুনে জেরিন সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, ‘আপনাদের সবার সামনে? এটা কোনোভাবেই সম্ভব নয়।’ এরপর আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার সঙ্গে এই ধরনের ফালতু কথাবার্তা বলবেন না। আমি এই ধরনের নোংরামি একদমই সহ্য করব না। সবাই নিজেদের সীমার মধ্যে থাকুন।’
এটি প্রথমবার নয়, এর আগেও অশোভন আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন জেরিন খান। গত বছরের অক্টোবরে সামাজিক মাধ্যমে একটি পোস্টের পর আপত্তিকর মন্তব্য ও অশালীন ইমোজির বন্যা বয়ে গেলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তখন একটি ভিডিও শেয়ার করে প্রশ্ন তুলেছিলেন, এসব মন্তব্য বাস্তব মানুষ করছে, নাকি বটের মাধ্যমে ছড়ানো হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, যাই পোস্ট করুন না কেন, কিছু মানুষ সেখানে নোংরা মন্তব্য করার সুযোগ খুঁজে নেয়। তার সেই বক্তব্যে অনেক ভক্তও সমর্থন জানিয়ে অনলাইনে সৌজন্যবোধের অভাবের সমালোচনা করেন।
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। পরে ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’ এবং ‘১৯২১’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। এছাড়া সালমান খানের ‘রেডি’ সিনেমার একটি গানে বিশেষ উপস্থিতি ছিল তার। হিন্দির পাশাপাশি ‘জাট জেমস বন্ড’ ও ‘ডাকা’সহ পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
সূত্র: এনডিটিভি