টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে রাজধানীর নিউমার্কেট এলাকা। জলাবদ্ধতার কারণে সকাল থেকে বন্ধ রাখা হয়েছে মার্কেটের সব দোকানপাট। নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ রাখা হয়েছে দোকানগুলোর বিদ্যুৎ সংযোগও।
রবিবার (১২ জুলাই) নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউ মার্কেটের দোকানপাট খোলা হয়নি।
আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। এ ছাড়া কোনো ক্রেতাকেও আসতে দেখা যায়নি। আবার নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎসংযোগ বন্ধ করে দিয়েছে।
তিনি জানান, আগামীকাল সোমবার পরিস্থিতি বুঝে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গতকাল রাত থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে। ডিএমপির পক্ষ থেকে রাজধানীবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।