কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার সড়কের দু’পাশে জমে থাকা বৃষ্টির পানি এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (জুলাই) জুমার নামাজের পর প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শনকালে তিনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনের সময় প্রশাসক নিজেই জমে থাকা পানির মধ্যে হেঁটে নালা ও ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি আশপাশের দোকানদারদের নালা-ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
পরে তিনি মিরপুর-১২-এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। বাজারে ময়লা-আবর্জনা ফেলে রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
তাৎক্ষণিকভাবে দোকানদার, সংশ্লিষ্ট বাজার কমিটি এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যা দ্রুত সমাধানের নির্দেশনা দেন প্রশাসক। একই সঙ্গে ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।