রাজধানীর হাতিরঝিল লেকে বুধবার (৮ জুলাই) সকালে ভেসে ওঠে এক বৃদ্ধের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি মো. আজিম উদ্দিন (৬৫) বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগে সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসআই নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরার উলুম রোডের ৩০৬ শিমুলবাগ এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে।