পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই পরিচ্ছন্ন সমাজ গঠনে বড় পরিবর্তন আনতে পারে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়িত্ব। বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।
ফরিদা খানম জানান, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে নেওয়া উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে শিক্ষার্থীদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরে লাল, নীল ও কালো রঙের বিনে বিভিন্ন ধরনের বর্জ্য আলাদাভাবে সংরক্ষণের ব্যবহারিক কৌশল শেখানো হয়। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করা এবং বিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের ‘ক্লিন স্কুল টিম’-এর কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, প্রতিটি বিদ্যালয়ের ক্লিন স্কুল টিম নিয়মিত শ্রেণিকক্ষ, টয়লেট, বারান্দা, খেলার মাঠ ও বিদ্যালয় প্রাঙ্গণের পরিচ্ছন্নতা তদারকি করবে। পাশাপাশি পানি জমে থাকা স্থান অপসারণ, ডেঙ্গুর লার্ভা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করার কাজেও তারা ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পরিবার ও সমাজে ছড়িয়ে পড়বে। প্রতিটি বিদ্যালয়ে ক্লিন স্কুল টিম সক্রিয়ভাবে কাজ করলে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, আশপাশের এলাকাও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হয়ে উঠবে এবং ডেঙ্গু প্রতিরোধেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিমের কার্যক্রম নিয়মিত তদারকি, বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান জেলা প্রশাসক।