বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী, নির্বাচনের মাধ্যমে ২৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এর মধ্যে থাকবেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, তিনজন ভাইস-প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, তিনজন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, একজন স্পোর্টস, রিক্রিয়েশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি, একজন পাবলিক রিলেশনস সেক্রেটারি, একজন মেম্বার্স ওয়েলফেয়ার সেক্রেটারি এবং ১৪ জন সাধারণ সদস্য।
নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে আগ্রহীদের আগামী ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দিতে হবে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে এবং ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর আপিল বোর্ড শুনানি শেষে নিষ্পত্তি করবে। এরপর ১-২ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ থেকে ১৫ অক্টোবর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২১ অক্টোবর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের পর ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা ভোটগ্রহণের আগেই জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন নিয়ে কোনো আপত্তি থাকলে ১৫ নভেম্বর থেকে নির্ধারিত ফি ও সময়সীমার মধ্যে আবেদন করা যাবে। শুনানি শেষে ১৮ নভেম্বর প্রাথমিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড। পরবর্তী আপিল প্রক্রিয়া শেষে প্রয়োজন হলে ২৫ নভেম্বর সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে তফসিল পরিবর্তন, পরিমার্জন বা সংশোধনের পূর্ণ ক্ষমতা তাদের সংরক্ষিত থাকবে।