পরিমাপে কারচুপির অভিযোগে রাজধানীর রমনা ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে পেট্রোল পাম্পটির দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়। বিএসটিআইর সম্পাদক মাঈনুদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ২২ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত রমনা ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৮৭০ মিলিলিটার (মি.লি.) এবং ১০০ মিলিলিটার (মি.লি.) জ্বালানি কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ দুটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইর পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।