রাজধানীতে টানা বৃষ্টি, কমে যাওয়া দৃশ্যমানতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার ভোর থেকে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। ঢাকায় অবতরণ করতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। একই সঙ্গে অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ ছাড়া আবুধাবি, শারজাহ, দুবাই, জেদ্দা, কুয়ালালামপুর, মদিনা, সৈয়দপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন রুটের অন্তত অর্ধশতাধিক ফ্লাইট ঢাকার আকাশে দীর্ঘ সময় চক্কর দিয়ে পরে অবতরণ করে। অনেক ফ্লাইটের উড্ডয়নও বিলম্বিত হয়।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, শনিবার রাতভর ভারী বৃষ্টি, সকালে কম দৃশ্যমানতা এবং বাতাসের তীব্র প্রভাবের কারণে নিরাপদে উড্ডয়ন ও অবতরণে জটিলতা সৃষ্টি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়।
ফ্লাইট বিলম্বের প্রভাব পড়ে পুরো বিমানবন্দরের কার্যক্রমে। সকাল থেকেই বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। এতে টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়ার পাশাপাশি চরম ভোগান্তির সৃষ্টি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।