রাতভর টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
রবিবার (১২ জুলাই) দুপুরে তিনি গুলশান, বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া ও কাজীপাড়া ঘুরে দেখেন। এ সময় জলাবদ্ধতার কারণ, পানি নিষ্কাশনের অগ্রগতি এবং ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত জমে থাকা পানি অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে সড়কে জমে না থাকে, সে জন্য প্রয়োজনীয় ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন।
বিশেষ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের সড়ক এবং জাতীয় সংসদ ভবন এলাকায় যেন কোনো অবস্থাতেই পানি না জমে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নিতে বলেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন ডিএনসিসি প্রশাসক। এছাড়া তিনি পানির মধ্যে নেমে নালা ও ড্রেনের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় দোকানদারদের ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।