বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অনুপস্থিত। সম্প্রতি তার ৬০ বছরের চলচ্চিত্রজীবন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কিংবদন্তি অভিনেত্রী জানান, বদলে যাওয়া চলচ্চিত্র নির্মাণের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারায় অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। একই সঙ্গে উপযুক্ত চিত্রনাট্য পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছার কথাও জানান।
হেমা মালিনীর ভাষ্য, সত্তর ও আশির দশকের চলচ্চিত্র নির্মাণের পরিবেশ ছিল অনেক বেশি আন্তরিক ও স্বতঃস্ফূর্ত। বর্তমানে প্রযুক্তিনির্ভর ও দ্রুতগতির শুটিং প্রক্রিয়ার সঙ্গে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই ব্যক্তিগতভাবে পুরোনো দিনের কাজের ধরণই তার বেশি পছন্দ।
তবে সিনেমার প্রতি ভালোবাসা যে এতটুকুও কমেনি, সেটিও স্পষ্ট করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি বলেন, শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য যে কোনো চরিত্রে অভিনয় করতে চান না। এমন চরিত্রেই ফিরতে চান, যা তাকে অনুপ্রাণিত করবে এবং অভিনয়ের তৃপ্তি দেবে। তার মতে, মনের মতো শক্তিশালী চিত্রনাট্য পেলেই তিনি আবার অভিনয়ে ফিরবেন।
এদিকে ওটিটি প্ল্যাটফর্ম ও নতুন প্রজন্মের নির্মাতাদের ভিন্নধর্মী কাজের প্রশংসাও করেছেন হেমা মালিনী। তিনি বলেন, সময়ের পরিবর্তনকে সম্মান করেন এবং নতুন ধারার নির্মাণকে ইতিবাচকভাবে দেখেন। তবে নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যের জায়গা হিসেবে এখনো পুরোনো চলচ্চিত্র নির্মাণের আবহকেই বেছে নিতে চান।