১৬ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘদিন ধরে অনুসরণ, ফোনে হয়রানি এবং মারধরের অভিযোগে হিন্দি টেলিভিশনের অভিনেতা রোহিত চান্ডেলকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা হয়েছে।
হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ রোহিত চান্ডেলকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অনুসরণ, হয়রানি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের ঘাটকোপার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত অভিনেতা দীর্ঘদিন ধরে নিজের নম্বরসহ বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে কিশোরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। অভিযোগ অনুযায়ী, গত ৫ জুলাই তিনি কিশোরীর আবাসনের সামনে গিয়ে তার পিছু নেন। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলে তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং কিশোরীকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে দহিসরের বাসভবন থেকে রোহিত চান্ডেলকে গ্রেপ্তার করা হয়। বিশেষ পকসো আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ও ভুক্তভোগীর মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। তবে তাদের সম্পর্কের প্রকৃতি এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে অভিনয়জীবন শুরু করেন রোহিত চান্ডেল। পরে ‘কাশীবাঈ বাজিরাও বাল্লাল’, ‘পাণ্ড্য স্টোর’সহ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। বর্তমানে তিনি স্টার প্লাস ও জিওহটস্টারের ধারাবাহিক ‘সৈরাব’-এ অভিনয় করছেন।