দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। এই সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে। বিচারকদের চূড়ান্ত রায়ে বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। পরে তার মাথায় পরিয়ে দেওয়া হয় বিজয়ের মুকুট।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।
‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) আয়োজিত এ প্রতিযোগিতায় সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগীদের বুদ্ধিমত্তা, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতাকেও মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম।
মুকুট জয়ের পর থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব বিকাশ, আন্তর্জাতিক উপস্থাপনা দক্ষতা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ কার্যক্রমের আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেবেন।
আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল আসর। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।