কিশোরগঞ্জের নিকলীতে হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলুর (২৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। গত শুক্রবার বিকেল ৩টার দিকে হাওরে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। নিহত শফিকুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এবং ফায়ার সার্ভিসের সদস্য আহসান হাবীব জানান, গত শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০-২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। ভ্রমণের একপর্যায়ে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন এবং একপর্যায়ে শফিকুল স্রোতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার ও শনিবার দিনভর অভিযান চালানোর পর, রবিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে শফিকুলের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।