রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষার নির্ধারিত সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়।
শনিবার (১১ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সাতটি সরকারি কলেজে একযোগে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে পিছিয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেন। কিন্তু দুপুরের পর শুরু হওয়া ভারী বৃষ্টিতে অনেকেই নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খান। কোথাও যানজট, কোথাও জলাবদ্ধতার কারণে ধীরগতির যানবাহন- সব মিলিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা যায়। অনেককে ছাতা কিংবা রেইনকোট ছাড়াই ভিজে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।
পরীক্ষার প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রকল্যাণ পরিষদ দায়িত্ব পালন করে। এছাড়া আগত পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ও মানিব্যাগ জমা রেখে সহায়তা করতে দেখা যায়।
কবি নজরুল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা সৌরভ নামে এক পরীক্ষার্থী জানান, ‘দুপুর থেকেই বৃষ্টি শুরু হওয়ায় কেন্দ্রে পৌঁছাতে অনেক কষ্ট হয়েছে।’
সুমাইয়া নামে আরেক পরীক্ষার্থী বলেন, ‘বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। যানবাহনও ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। সময়মতো কেন্দ্রে পৌঁছাতে রীতিমতো বেগ পেতে হয়েছে।’
অভিভাবকরাও একই ধরনের অভিযোগ করেন। অনেককে কলেজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের হেল্পডেস্ক বা ছাউনির নিচে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। বৃষ্টির কারণে আশপাশের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানবাহন সংকটও দেখা দেয় বলে জানান তারা।
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।