বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির আরও অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্রে ১১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা ও প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীদের দ্রুত সিদ্ধান্তটি জানাতে বিদ্যুৎ বিচ্ছিন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড, যাতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সময়মতো বিষয়টি জানতে পারেন।
এর আগে একই কারণে গত ৮ জুলাইও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। চলমান বন্যা পরিস্থিতিতে ওই অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।