শিক্ষা সংকটে ঋণ-শিক্ষা বিনিময় বাড়ানোর আহ্বান ইউনেস্কোর

আন্তর্জাতিক ডেস্ক

শিক্ষা

বিশ্বজুড়ে শিক্ষা খাতে অর্থায়নের সংকট দিন দিন তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার ও আন্তর্জাতিক ঋণদাতাদের প্রতি ‘ঋণ-শিক্ষা বিনিময়’ কর্মসূচি আরও

2026-07-10T16:26:08+00:00
2026-07-10T16:26:08+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষা সংকটে ঋণ-শিক্ষা বিনিময় বাড়ানোর আহ্বান ইউনেস্কোর
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:২৬ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে শিক্ষা খাতে অর্থায়নের সংকট দিন দিন তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার ও আন্তর্জাতিক ঋণদাতাদের প্রতি ‘ঋণ-শিক্ষা বিনিময়’  কর্মসূচি আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

প্যারিসে অনুষ্ঠিত এক বৈশ্বিক শিক্ষা সম্মেলনে ইউনেস্কো এ-সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করে। সংস্থাটির মতে, ঋণে জর্জরিত দেশগুলো যদি এই ব্যবস্থার আওতায় ঋণ পরিশোধের একটি অংশ শিক্ষা খাতে ব্যয় করতে পারে, তবে স্কুল নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সহজ হবে।

ইউনেস্কোর প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রায় ৬১০ কোটি মানুষের আবাসস্থল ১১৩টি দেশে শিক্ষা খাতে ব্যয়ের তুলনায় বিদেশি ঋণ পরিশোধে বেশি অর্থ ব্যয় করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন আয়ের দেশগুলোতে ঋণ পরিশোধের ব্যয় শিক্ষা খাতের বরাদ্দের তুলনায় প্রায় চারগুণ বেশি। আর সবচেয়ে বেশি ঋণগ্রস্ত ১৮টি দেশে ঋণ পরিশোধের খরচ শিক্ষা বাজেটের অন্তত পাঁচগুণ ছাড়িয়ে গেছে।

একই সঙ্গে শিক্ষা খাতে আন্তর্জাতিক সহায়তাও আশঙ্কাজনক হারে কমছে। ইউনেস্কোর ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট’ অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক শিক্ষা সহায়তা প্রায় ৩০ শতাংশ কমে যেতে পারে।

২০২৪ সালে শিক্ষা খাতে মোট উন্নয়ন সহায়তার অংশ নেমে এসেছে মাত্র ৭ দশমিক ৫ শতাংশে, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। এর ফলে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলো বছরে প্রায় ৯৭ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন ঘাটতির মুখে পড়ছে। বিশেষ করে আফগানিস্তান, লাইবেরিয়া, মালি এবং নাইজারে শিক্ষা সহায়তা ৪০ শতাংশেরও বেশি কমেছে।

এই সংকট মোকাবিলায় ‘ঋণ-শিক্ষা বিনিময়’ মডেলকে কার্যকর সমাধান হিসেবে তুলে ধরেছে ইউনেস্কো। সংস্থাটি জানায়, সম্প্রতি বিশ্বব্যাংকও এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, অতীতে ফ্রান্সের সঙ্গে চুক্তির আওতায় আইভরি কোস্ট ৩০টির বেশি স্কুল নির্মাণ করতে সক্ষম হয়। একইভাবে স্পেন ও পেরুর যৌথ উদ্যোগে এক দশকে ৫০টি শিক্ষা প্রকল্পে অর্থায়ন সম্ভব হয়েছিল।

ইউনেস্কোর মহাপরিচালক খালেদ এল-এনানি বলেন, শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ। অথচ এই খাতে পরিকল্পিতভাবে পর্যাপ্ত অর্থায়ন করা হচ্ছে না। তিনি ২০৩০ সালের মধ্যে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: