টানা ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আশুগঞ্জ সড়ক ও পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ মহেশ রোডের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
শনিবার (১১ জুলাই) সকালে তিনি নির্মাণাধীন সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন।
এ সময় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন সংসদ সদস্য। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ এবং দ্রুত সংস্কারকাজ নিশ্চিত করতেই তিনি পরিদর্শনে এসেছেন।
এমপি আব্দুল মান্নান আশা প্রকাশ করে বলেন, দ্রুত নির্মাণ ও সংস্কারকাজ শেষ হলে নবীনগর-আশুগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হবে এবং নবীনগরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।